উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী আইভী আক্তারকে (১৮) কুপিয়ে হত্যা ও আইফোন চুরির ঘটনায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি চুরি নাকি পারিবারিক বিরোধের জেরে ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
নিহত আইভী আক্তার কালিকাপুর এলাকার আসলাম শরীফের মেয়ে এবং শরীয়তপুরের কাতার প্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী। গত মঙ্গলবার সন্ধ্যায় কালিকাপুরে তার চাচার বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, আইভীর ব্যবহৃত আইফোন চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে চোর চক্র তাকে চিনে ফেলায় কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর স্বামী কাতারে চলে যাওয়ায় আইভী তার চাচা কালাম শরীফের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় তার চাচা মসজিদে নামাজ পড়তে যান এবং পরিবারের অন্য সদস্যরা চিকিৎসকের কাছে মাদারীপুর শহরে ছিলেন। নামাজ শেষে বাড়ি ফিরে চাচা রক্তাক্ত অবস্থায় আইভীকে মৃত দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব না হলেও জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান এবং তদন্ত অব্যাহত রয়েছে।