উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় আগামী দিনে ১৫ লাখ টনেরও বেশি সার উদ্বৃত্ত সংরক্ষিত থাকবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার (০৯ সেপ্টেম্বর) পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের উত্থাপিত এক জরুরি নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, রবি মৌসুমসহ আসন্ন চাহিদা মেটাতে দেশে মোট সারের প্রয়োজন হবে ৩৫ লাখ ৮৭ হাজার মেট্রিক টন। বিপরীতে সরকারের কাছে ইতোমধ্যেই ৫১ লাখ ৭১ হাজার মেট্রিক টন সারের সুনির্দিষ্ট উৎস ও জোগান নিশ্চিত রয়েছে, যা মোট চাহিদার চেয়েও ১৫ লাখ ৮৪ হাজার মেট্রিক টন বেশি।
মাঠপর্যায়ে সুষ্ঠু বিতরণ ও অনিয়ম প্রতিরোধে দেশের ৬৪টি জেলায় পৃথক ৬৪টি বিশেষ মনিটরিং সেল কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী। ইতোমধ্যে অনিয়মের অভিযোগে ৫ জন ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে। এছাড়া টাঙ্গাইলে উদ্বোধন হওয়া 'কৃষক কার্ড' ব্যবস্থার মাধ্যমে সারের অপচয় রোধ করা হচ্ছে।
নতুন সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, বিতরণ শৃঙ্খল জোরদার করতে সরকার দেশে প্রায় ৮ হাজার নতুন ডিলার নিয়োগ দেবে। এদের অধীনে আরও ১৬ হাজার খুচরা ডিলার যুক্ত হবেন। বর্তমানে সক্রিয় ৩১ হাজারের বেশি ডিলারের সাথে এরা যুক্ত হলে মাঠপর্যায়ে কোনো সরবরাহ ঘাটতি থাকবে না।