উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সমাজের অবক্ষয় রোধ করে সত্যবাদী ও ভালো মানুষ গড়ে তুলতে সংস্কৃতি চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বুধবার রাতে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে মৃত্তিকা অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘সত্যবাদী মানুষ হতে সংস্কৃতির ভূমিকা’ শীর্ষক এই অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমানে মানুষের মূল্যায়ন হচ্ছে অর্থ, সম্পদ ও প্রতিপত্তি দিয়ে। অথচ একজন মানুষের জ্ঞানই হওয়া উচিত তার সবচেয়ে বড় পরিচয়। সমাজের এই অবক্ষয় থেকে মুক্তি পেতে সংস্কৃতিকে সত্যিকার অর্থে বিকশিত করতে হবে।
পরিবারকে মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান উল্লেখ করে আবদুস সালাম বলেন, সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে কিংবা কীভাবে অর্থ উপার্জন করে—এসব বিষয়ে বাবা-মায়ের নজরদারি থাকা জরুরি। বর্তমান অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে তরুণ প্রজন্মকে বই পড়া, লাইব্রেরিতে যাওয়া এবং দেশীয় নাটক, চলচ্চিত্র ও গান শোনার আহ্বান জানান তিনি।
মৃত্তিকা অ্যাকাডেমির চেয়ারম্যান কবি রানা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, মেজর মো. ইউসুফ শরীফ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজারুল ইসলাম চঞ্চল প্রমুখ।