উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে এবং কৃষকদের জন্য সারের সরবরাহ নিশ্চিত করতে এক লাখ ১০ হাজার মেট্রিক টন এমওপি, ডিএপি ও ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কমিটির ৪৩তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বেলারুশ থেকে বেসরকারি পর্যায়ে মেসার্স সুফলা ট্রেডিং করপোরেশনের মাধ্যমে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। এছাড়া মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে জিটুজি পদ্ধতিতে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার এবং সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে।
সার আমদানির পাশাপাশি সভায় স্বাস্থ্য, সড়ক, নৌপরিবহন, বাণিজ্য ও জ্বালানি খাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে দেশের আটটি বিভাগীয় মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগ নির্ণয় ইমেজিং ব্যবস্থা আধুনিকায়নে ডিজিটাল এক্স-রে, এমআরআই ও সিটি স্ক্যানারসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি কেনার প্রস্তাব রয়েছে।
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় ৯ হাজার মেট্রিক টন ছোলা ও এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনা এবং বিশ্বব্যাংকের অর্থায়নে বেনাপোল স্থলবন্দরের অবকাঠামো নির্মাণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একই সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জের সড়ক ও সেতু পুনর্বাসনের দুটি প্রস্তাবও অনুমোদন পায়।