উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে যাওয়ার মাত্র আড়াই মাসের মাথায় মারা গেছেন কুমিল্লার বাসিন্দা মো. হাসান মিয়া। গত ১ সেপ্টেম্বর মালদ্বীপের রাজধানী মালেতে তিনি মৃত্যুবরণ করেন। এরপর ৫ সেপ্টেম্বর তার মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে বলে বুধবার (৯ সেপ্টেম্বর) জানিয়েছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশন জানায়, হাসান মিয়া কুমিল্লা জেলার হোমনা উপজেলার বাসিন্দা ছিলেন। গত ১৬ জুন তিনি কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে এসেছিলেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে তার মরদেহ বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়।
হাইকমিশন নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে দ্রুততম সময়ে মরদেহ দেশে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। হাইকমিশনার মো. নাজমুল ইসলাম এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।