উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মজুত শক্তিশালী করতে নয় হাজার টন ছোলা এবং এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সিসিজিপির ৪৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবির ভর্তুকিমূল্যে ও খোলাবাজারে পণ্য বিক্রয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এসব পণ্য কেনার সিদ্ধান্ত হয়। এর আওতায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অস্ট্রেলিয়ার অস্ট-গ্রেইন এক্সপোর্টস পিটিওয়াই লিমিটেড থেকে নয় হাজার টন ছোলা আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ৭৬ কোটি ২২ লাখ টাকা এবং প্রতি কেজি ছোলার দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা ৬৭ পয়সা।
এছাড়া স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (এলটিএম) এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। দুই লিটারের পিইটি বোতলে এ তেল টিসিবিকে সরবরাহ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১৮১ কোটি ৫০ লাখ টাকা এবং প্রতি লিটারের দাম পড়ছে ১৮১ টাকা ৫০ পয়সা।
স্থানীয় চারটি প্রতিষ্ঠান এই তেল সরবরাহ করবে। এর মধ্যে গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ ও প্রধান অয়েল মিলস লিমিটেড প্রত্যেকে ২০ লাখ লিটার করে এবং মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেড ও মজুমদার প্রোডাক্টস লিমিটেড প্রত্যেকে ৩০ লাখ লিটার করে তেল দেবে। এর মাধ্যমে টিসিবির খাদ্যপণ্যের মজুত বাড়ার পাশাপাশি নিম্নআয়ের মানুষের জন্য বাজারমূল্য স্থিতিশীল রাখা সম্ভব হবে।