উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ (সিজন-২) প্রতিযোগিতায় এবার ১০ বছর বয়সী শিশুরাও অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। দ্বিতীয় মৌসুমে অংশগ্রহণের বয়সসীমা ১২-১৪ বছর থেকে কমিয়ে ১০-১৪ বছর করা হয়েছে। আগামী অক্টোবর থেকে উপজেলা পর্যায়ে ১০টি ইভেন্টের মাধ্যমে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে।
প্রতিযোগিতায় ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) জেলা এবং উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে অনলাইন নিবন্ধনের মাধ্যমে যোগ্য শিশু-কিশোরদের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সিজন-২ এর জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে গত ১ জুলাই থেকে, যা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। অংশগ্রহণ বাড়াতে এবার বয়সসীমায় পরিবর্তন এনে ১০ থেকে ১৪ বছর বয়সীদের জন্য প্রতিযোগিতার সুযোগ রাখা হয়েছে।
দেশের ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই প্রতিযোগিতার আয়োজন করছে। গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে সিজন-১ এর উদ্বোধন এবং ২৭ জুলাই ঢাকার আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠিত হয়। নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার পর অক্টোবর থেকে ১০টি ইভেন্টে উপজেলা পর্যায় থেকে সিজন-২ শুরু হবে।