উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার কদমতলীর শনিরআখড়া এলাকায় ব্যবসায়ী আসলাম খানকে গুলি করার ঘটনায় দুই নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আকলিমা আক্তার রুনিয়া ও সোনিয়া ইয়াসমিন নামের ওই দুই নারীর বিরুদ্ধে অস্ত্র ও গুলি সরবরাহের অভিযোগ রয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তদন্তকারী কর্মকর্তার তথ্য অনুযায়ী, মঙ্গলবার কাচকুড়া ও উত্তরখান এলাকা থেকে এই দুই নারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কামাল নামে একজনের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে তারা মঞ্জুরুল ও জসিমকে সরবরাহ করেছিলেন।
উল্লেখ্য, গত শনিবার রাতে একটি ক্রোকারিজের দোকানে ঢুকে ব্যবসায়ী আসলাম খানকে গুলি করা হয়। স্থানীয়দের সহায়তায় মঞ্জুরুল ইসলামকে দুটি পিস্তল ও নয় রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করা হয়েছিল। এ ঘটনায় কদমতলী থানায় হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।