উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানী ঢাকায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্যোগ মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীকে প্রস্তুত রাখার পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এই বিশেষ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন।
প্রস্তাবিত এই শহর প্রতিরক্ষা দল বা টিডিপি সদস্যরা ওয়ার্ড, জোন ও থানা ভিত্তিক দুর্যোগকালীন প্রথম সাড়াদানকারী হিসেবে কাজ করবেন। বাহিনীর ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত এসব স্বেচ্ছাসেবীদের মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় বিশেষায়িত ও উন্নত প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কর্মকাণ্ডে এই স্বেচ্ছাসেবীরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভূমিকা রাখবেন। মন্ত্রী এই পরিকল্পনার প্রশংসা করে এটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।
সাক্ষাৎকালে আনসার-ভিডিপির মহাপরিচালক উপকূলীয় ও পার্বত্য অঞ্চলে চলমান পরিবেশ সহনশীলতা প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা করেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকার জন্য মন্ত্রী বাহিনীর প্রশংসা করেন এবং দুর্যোগের সময় তাদের সর্বাত্মক সহযোগিতার ওপর জোর দেন।