উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানির সুযোগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্ট অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি আব্দুল হক। বুধবার রাজধানীর শাহবাগের ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি ব্যবহৃত ইলেকট্রিক গাড়ি আমদানি নিষিদ্ধ করায় ক্ষোভ প্রকাশ করেন বারভিডা নেতারা। আব্দুল হক বলেন, জাপানসহ বিশ্বের ৭১টি দেশে এই গাড়ি ব্যবহৃত হচ্ছে। তাই বাংলাদেশেও গ্রিন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসব গাড়ি আমদানির সুযোগ পুনর্বহাল করা প্রয়োজন।
সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজুর রহমান বলেন, কিছু ব্যবসায়ী সিন্ডিকেট নতুন গাড়ি ব্যবসার নামে বাজার কুক্ষিগত করতে চাচ্ছে। গত বছর জাপান থেকে ২৯ হাজার ৩৪৯টি ইলেকট্রিক গাড়ি আমদানি করা হয়েছিল, যা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সাবেক সভাপতি আব্দুল মান্নান চৌধুরী অভিযোগ করেন, মন্ত্রণালয় কোনো আলোচনা ছাড়াই গোপন বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। জনগণের স্বার্থে এবং সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।