উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল না করলেও পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানান, রহনপুর, দর্শনা ও বেনাপোল সীমান্ত দিয়ে প্রতি মাসে গড়ে ৪৩টি পণ্যবাহী ট্রেন বাংলাদেশে প্রবেশ করছে এবং ৪২টি খালি রেক ফেরত যাচ্ছে।
যাত্রীবাহী ট্রেন পুনরায় চালু করার বিষয়ে সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে মন্ত্রী জানিয়েছেন। এছাড়া রাজশাহী-কলকাতা রুটে নতুন ট্রেন চালুর বিষয়টি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কুড়িগ্রাম-ঢাকা রুটে ট্রেন চালুর পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী জানান, রেলওয়ের বহরে ইঞ্জিন ও কোচের স্বল্পতা রয়েছে। পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাওয়া সাপেক্ষে ভবিষ্যতে এই রুটে দুই জোড়া আন্তঃনগর ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের।
রেলপথ আধুনিকায়নের বিষয়ে মন্ত্রী জানান, জয়দেবপুর-ঈশ্বরদী সেকশনের স্টেশনগুলো কারিগরি প্রকল্পের মাধ্যমে আধুনিক করা হবে। পাশাপাশি বগুড়া-সিরাজগঞ্জ ও বগুড়া-কুড়িগ্রাম রুটের স্টেশনগুলোও পর্যায়ক্রমে আধুনিকায়নের আওতায় আনা হবে।