উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দ্রুতগতির ইলেকট্রিক ট্রেন চালুর বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এই রুটে পরিবেশবান্ধব ট্রেন পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ ডিজাইন প্রণয়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন কেবল প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার অপেক্ষা রয়েছে।
বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, অর্থায়ন নিশ্চিত হলেই মেগা প্রকল্পটির বিস্তারিত কর্মপরিকল্পনা ও চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করে মাঠপর্যায়ে বাস্তবায়ন শুরু হবে। স্পিকার হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী আরও জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথকে আধুনিক ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তরের কাজ চলছে। এছাড়া ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত একটি কর্ডলাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়িত হলে দুই শহরের মধ্যবর্তী দূরত্ব কমে আসবে এবং ট্রেনের গতি বহুগুণ বৃদ্ধি পাবে।
এই প্রকল্পগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে দেশে প্রথমবারের মতো দ্রুতগতির ইলেকট্রিক ট্রেন চলাচল শুরু হবে। এটি রেলওয়ের পরিবহন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রুটের যাতায়াত ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।