উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী জানান, দুর্বল সম্ভাব্যতা সমীক্ষা, ভূমি অধিগ্রহণে বিলম্ব ও দুর্বল মনিটরিংয়ের কারণে প্রকল্পের ব্যয় ও সময় বাড়ে। এই সমস্যা সমাধানে নতুন প্রকল্পের ক্ষেত্রে নির্ভুল সম্ভাব্যতা সমীক্ষা নিশ্চিত করা এবং বাস্তবায়ন প্রস্তুতি দ্রুত শেষ করার ওপর জোর দেওয়া হচ্ছে।
প্রকল্প পরিচালনায় অভিজ্ঞদের নিয়োগের পাশাপাশি পাবলিক প্রকিউরমেন্ট রুল ২০২৫ হালনাগাদ করা হচ্ছে। এছাড়া প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণে ডিজিটাল ড্যাশবোর্ড স্থাপনসহ নিয়মিত মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া যেসব প্রকল্পের অগ্রগতি ৩০ শতাংশের নিচে, সেগুলোর উপযোগিতা বিবেচনা করে প্রয়োজনীয় পুনর্বিন্যাস বা স্কোপ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।