উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ৪১টি বেসরকারি ব্যাংকের সিএসআর ফান্ড থেকে ২৭৬ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৯ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াদুদকে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত ৩ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারকে আসামি করা হয়েছে। এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা অবৈধ প্রভাব খাটিয়ে ট্রাস্টের নামে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন, অথচ এই ট্রাস্টের সমাজসেবা অধিদপ্তর বা এনজিও বিষয়ক ব্যুরোর কোনো বৈধ অনুমোদন ছিল না।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, মো. নজরুল ইসলাম মজুমদার নিয়ম বহির্ভূতভাবে নির্বাহী কমিটির সভায় বিষয়টি উত্থাপন করে ৪১টি ব্যাংক থেকে অর্থ সংগ্রহের ব্যবস্থা করেন। ট্রাস্টের নামে কোনো সামাজিক কার্যক্রম পরিচালনা না করেই এই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।