উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম বন্দর থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের কাপড়ের রোলভর্তি একটি কনটেইনার গায়েবের ঘটনায় মামলা হয়েছে। এই চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. মোর্শেদ আলম ও মো. সাইদুর রহমান নামে দুই জেটি সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বন্দর থানায় মামলাটি করেন বন্দরের পরিবহন পরিদর্শক সাইফুল ইসলাম।
গ্রেপ্তার দুজনই আগ্রাবাদ এলাকার প্যারামাউন্ট ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের জেটি সরকার। মোর্শেদ পটিয়া উপজেলার উত্তর কৈয়গ্রামের এবং সাইদুর পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাসিন্দা। বন্দর থানার ওসি মো. আবদুর রহিম জানান, তাদের আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, সাভারের কালিয়াকৈর এলাকার গোল্ড স্টার গার্মেন্টস লিমিটেড ৬৬৮ বেল কাপড় আমদানি করেছিল। ৪০ ফুটের ওই কনটেইনারটি চট্টগ্রাম বন্দরের সিসিটি ইয়ার্ডে রাখা ছিল। গত ৩০ আগস্ট অন্য একটি সিঅ্যান্ডএফ এজেন্ট কনটেইনারটি খালাস করতে গিয়ে দেখে সেটি ইয়ার্ডে নেই।
তদন্তে দেখা যায়, গত ১১ আগস্ট ভুয়া স্বাক্ষর ও আইডি ব্যবহার করে কনটেইনারটি বন্দর থেকে সরিয়ে নেওয়া হয়। ইয়ার্ডের পরিবহন পরিদর্শক মো. এস্কান্দর ফারুকের জাল স্বাক্ষর এবং উচ্চ বহিঃসহকারী নেয়ামূল হক সরকারের কর্মপরিচয় নম্বর ব্যবহার করে সিস্টেমে এই তথ্য প্রবেশ করানো হয়েছিল।