উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বুধবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি বইমেলা-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের কোনো সংকট দেখা দিলে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানেও ছাত্রসমাজ দেশকে নতুন দিকনির্দেশনা দিয়েছে। তবে ছাত্রদের এই দায়িত্ব পালন করতে হবে লেখাপড়া বাদ দিয়ে নয়, কারণ জ্ঞানচর্চা থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না।
তিনি আরও বলেন, নতুন প্রজন্ম মোবাইল ফোনে পড়ুক, ই-বুকে পড়ুক কিংবা প্রচলিত বই পড়ুক–পড়ার চর্চা কোনোভাবেই হারিয়ে ফেলা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শৃঙ্খলা, সচেতনতা ও জনগণের সেবা এই তিনটি বৈশিষ্ট্য তার নেতৃত্বকে স্বতন্ত্র করেছিল বলে উল্লেখ করেন তিনি।
তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গে ড. মঈন খান বলেন, তিনি তৃণমূলের রাজনীতিকে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তরুণ ও নতুন প্রজন্মকে সংগঠিত করেছিলেন। বই ও পাঠাগার শুধু জ্ঞানচর্চার মাধ্যম নয়, এটি একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতা সংরক্ষণেরও গুরুত্বপূর্ণ মাধ্যম বলে তিনি মত প্রকাশ করেন।