উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দুই নারীর ঝগড়া কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে ফকির আলমগীর (৪৬) নামের এক বাস হেল্পার নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের পরিবার জানিয়েছে, শুক্কুর আলী নামের এক যুবকের ঘুষির আঘাতে তিনি রাস্তায় পড়ে যান।
নিহতের ছেলে রবিউল আওয়াল জানান, তাদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জে হলেও বর্তমানে তারা সায়েদাবাদের করাতিটোলা এলাকায় থাকেন। তার বাবা বাসের হেল্পারের পাশাপাশি দিনে ভ্যানে শরবত বিক্রি করতেন এবং মা টুনি আক্তার সমিতির কার্যালয়ের সামনে খিচুড়ি বিক্রি করতেন। মঙ্গলবার সকালে সমিতির কার্যালয়ের সামনে এক নারী ঝাড়ু দেওয়া নিয়ে তার মায়ের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন।
একপর্যায়ে ওই নারীর ছেলে শুক্কুর আলী সেখানে এসে আলমগীরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং বুকে এলোপাতাড়ি ঘুষি মারেন। এতে তিনি রাস্তায় পড়ে গেলে ভাঙা ইটের একটি অংশ তার মাথায় ঢুকে গুরুতর আহত হন। তাকে দ্রুত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) অন্তু দে প্রেম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই মারামারির ঘটনা ঘটে এবং রাস্তায় পড়ে ওই ব্যক্তি মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।