উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি বছরের জানুয়ারি থেকে গত পরশু পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সচিবালয়ে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় এই তথ্য জানান।
এডিস মশার প্রজনন রোধে আগামী শনিবার ১২ সেপ্টেম্বর সকাল ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিন মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, বিডিক্লিন ও দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী অংশ নেবেন।
প্রতিমন্ত্রী জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য রেড অ্যালার্টিং উপজেলা ও জেলাগুলোর প্রতি হাসপাতালে আলাদা পাঁচটি বেডের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ডেঙ্গু মোকাবিলায় প্রধানমন্ত্রী চিকিৎসার চেয়ে প্রতিরোধের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
উদ্বোধনী কর্মসূচি বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামকে আহ্বায়ক ও উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। দেশের ৬৪ জেলা ও প্রায় ৫০০ উপজেলায় স্থানীয় প্রশাসনের নেতৃত্বে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।