উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকের শুরুতে প্রতিরক্ষা উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনার একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সশস্ত্র বাহিনীর পেশাগত মানোন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের পারস্পরিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা এবং আঞ্চলিক শান্তি ও সমুদ্র নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের বর্তমান সরকারের আর্থ-সামাজিক ক্ষেত্রে গৃহীত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান যে, ভারত বাংলাদেশের সঙ্গে গভীর সামরিক ও কৌশলগত সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। ভবিষ্যতে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে তিনি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উভয়েই বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর জোর দেন। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিবেশী এই দুই দেশ একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।