উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন এশিয়ান গেমসে ক্রিকেটের পুরুষ ও নারী বিভাগের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্রিকেটের ম্যাচগুলো। প্রতিযোগিতার সব ম্যাচই টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে।
নারী ক্রিকেট দিয়ে শুরু হবে এবারের আসর। আগামী ১৭ সেপ্টেম্বর কোয়ার্টার-ফাইনালে সকাল ৯টায় চীন নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন দুপুর ২টায় পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। এরপর ২০ সেপ্টেম্বর দুই সেমিফাইনাল শেষে ২২ সেপ্টেম্বর ব্রোঞ্জ পদক ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
অন্যদিকে পুরুষ বিভাগের গ্রুপ পর্বের খেলা ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলবে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আগামী ২৯ সেপ্টেম্বর দুপুর ২টায় বাংলাদেশ মাঠে নামবে 'বি' গ্রুপের সেরা দলের বিপক্ষে। পুরুষ বিভাগের সেমিফাইনাল ১ অক্টোবর এবং ফাইনাল ও ব্রোঞ্জ পদকের ম্যাচ ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এবারের ড্র অনুযায়ী, পুরুষ বিভাগে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে কেবল ব্রোঞ্জ পদকের ম্যাচ কিংবা ফাইনালে। এর আগে ২০২৩ সালের এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ভারত স্বর্ণপদক এবং শ্রীলঙ্কা রৌপ্যপদক জিতেছিল। আর পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জপদক অর্জন করেছিল বাংলাদেশ।