উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। এই কঠিন সময়ে বাঁধনের পাশে দাঁড়িয়েছে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিলানের বাংলাদেশ কনস্যুলেট। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে গত সোমবার রাতে তিনি এই হামলার শিকার হন।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে মেস্ত্রে থানায় উপস্থিত হয়ে বাঁধন দ্বোভাষীর মাধ্যমে আটজন বাংলাদেশির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, হামলাকারীরা সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। জুলাই আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
বাঁধনের অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা নিজেদের আওয়ামী লীগ কর্মী পরিচয় দিয়ে তার দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছোড়ে। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তার হাত থেকে মোবাইল ফোন ফেলে দেওয়া হয়। ঘটনার সময় বাঁধনের সঙ্গে তার ভাই, ভাবি ও তাদের চার বছর বয়সী সন্তান ছিলেন।
হামলার ঘটনার তদন্ত শুরু করেছে ইতালি পুলিশের বিশেষ শাখা ‘ডিগোস’। তদন্তকারীরা ঘটনাস্থল ও আশপাশের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছেন। অন্যদিকে, মিলান কনস্যুলেটের শ্রম কনসাল মেহরুবা ইসলাম জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তারা বাঁধনের সঙ্গে দেখা করেছেন এবং স্থানীয় প্রশাসনকে আসামিদের বিচারের মুখোমুখি করার অনুরোধ জানিয়েছেন।
বিষয়টি নিয়ে জাতীয় সংসদে কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, বাঁধনকে সর্বোচ্চ কনস্যুলার সহযোগিতা দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের দূতাবাস ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি কঠোরভাবে তুলবে। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্র নিয়ে ভেনিস উৎসবে যোগ দিয়েছেন বাঁধন।