উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় অভ্যন্তরীণ বিরোধ মীমাংসার সময় ছুরিকাঘাতে মোহাম্মদ হামিম (১৯) নামের এক কিশোর নিহত হয়েছেন। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কেরানিহাট সিটি সেন্টারে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হামিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ হামিম সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুলতান সওদাগর বাড়ির মোহাম্মদ ফরিদের ছেলে। এই ঘটনায় স্থানীয়রা রোহান উদ্দিন (১৯) নামের এক তরুণকে আটকে পুলিশে সোপর্দ করেছে। আটক রোহান একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়াদাবাদ কাজিরখীল এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী ও অভিযুক্ত দুজনেই পাশাপাশি গ্রামের বাসিন্দা। পূর্ব বিরোধের জেরে হামিমকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেন রোহান। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে এবং এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।