উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে চিকিৎসাসেবার মান আরও উন্নত করে রোগীদের বিদেশমুখী হওয়া কমানোর আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, সঠিক রোগ নির্ণয়, উন্নত চিকিৎসা এবং চিকিৎসক ও নার্সদের ভালো আচরণ নিশ্চিত করা গেলে দেশের স্বাস্থ্য খাতে মানুষের আস্থা আরও বাড়বে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শান্তিনগর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে একটি ল্যাবরেটরি অটোমেশন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আবদুস সালাম বলেন, চিকিৎসার জন্য দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যায়। রোগ নির্ণয় সঠিক না হলে চিকিৎসকদের পক্ষেও যথাযথ চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ে।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ শুধু সরকার বা সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। গত মে মাসে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের জরিপে ২৮ থেকে ২৯টি ওয়ার্ডে ডেঙ্গুর উপস্থিতি পাওয়া গিয়েছিল। সামনের ঝুঁকিপূর্ণ দিনগুলোতে ডেঙ্গু রোগীরা যাতে চিকিৎসা ছাড়া ফিরে না যান, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।