উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ থেকে টাকা তোলার দ্বিতীয় দিনে ৩২৭ কোটি টাকা উত্তোলন করেছেন ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক। এ নিয়ে কার্যক্রম শুরুর প্রথম দুই দিনে ব্যাংকটি থেকে মোট ৫৮১ কোটি টাকা তুলেছেন ১৩ হাজার ৪২৮ জন আমানতকারী।
ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, গত সোমবার প্রথম দিনে ৫ হাজার ৫৩২ জন গ্রাহক ২৫৪ কোটি টাকা উত্তোলন করেছিলেন। আর মঙ্গলবার দ্বিতীয় দিনে ৩২৭ কোটি টাকা উত্তোলন করা হয়। গ্রাহকদের আমানত ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে ইতোমধ্যে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
এর আগে গত ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত আমানত ফেরত পেতে আগ্রহী গ্রাহকদের কাছ থেকে আবেদন নেওয়া হয়। ওই সময়ে ৭৪ হাজার আমানতকারী মোট ৩ হাজার ৯২৫ কোটি টাকা ফেরত চেয়ে আবেদন করেন। আমানত ফেরতের পাশাপাশি ব্যাংকটিতে অনলাইনে অর্থ স্থানান্তর কার্যক্রমও শুরু হয়েছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত করে এই ব্যাংক গঠন করা হয়। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংকটে থাকা এই ব্যাংকগুলোকে একীভূত করার উদ্যোগ নেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার।