উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণকালে তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, দায়িত্ব পালনকালে তিনি জাতিসংঘের বাইরে কোনো সরকার বা অন্য কোনো উৎস থেকে কোনো নির্দেশনা গ্রহণ করবেন না।
শপথবাক্যে খলিলুর রহমান বলেন, তিনি জাতিসংঘের সনদ এবং সাধারণ পরিষদের সভাপতির আচরণবিধির আলোকে শুধু জাতিসংঘের স্বার্থে তার কার্যাবলি সম্পাদন করবেন। অর্পিত কর্তব্য সম্পূর্ণ আনুগত্য, বিচক্ষণতা, বিবেক ও সততার সঙ্গে পালন করার প্রতিশ্রুতিও দেন তিনি।
খলিলুর রহমানের এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদ ফিরে পেল বাংলাদেশ। এর আগে ১৯৮৬-৮৭ সালে ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে এই গৌরব অর্জন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।
গত ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ ভোট পেয়ে জয়ী হন বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান। তিনি তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করেন। আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক।