উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় ঢাকা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর সব ধরনের সহিংসতার দৃঢ়ভাবে বিরোধিতা করে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সৌদি আরব সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে। একই সঙ্গে দেশটির সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সব ধরনের সহিংসতার বিরুদ্ধে তার অবস্থান অব্যাহত রাখবে।