উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে ৮টি বিষয়ে ভিন্নমত বা নোট অব ডিসেন্ট দিয়েছেন বিরোধী দলের সদস্যরা। র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন এই বিশেষায়িত ইউনিট গঠনে সম্প্রতি সংসদে বিলটি আনা হয়। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে বিলটির পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।
বৈঠক শেষে কমিটির সদস্য ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল বাতেন জানান, র্যাব বিলুপ্তির অঙ্গীকার থাকলেও নতুন বিলে শুধু নাম বদলে হুবহু একই কাঠামো রাখা হয়েছে। এ কারণে তাঁরা বিলের ৭-৮টি বিষয়ে লিখিতভাবে ভিন্নমত দিয়েছেন। বিরোধী দলের পক্ষ থেকে বিলটি দ্রুত পাস না করে অংশীজনদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।
ভিন্নমতের বিষয়ে বিরোধী দল জানিয়েছে, বিলে প্রস্তাবিত ‘অভিযোগ প্রতিকার কমিটি’র প্রধান ও সদস্যসচিব এসআরবি কর্মকর্তা হওয়ায় তদন্তে স্বার্থের সংঘাত হতে পারে। এর পরিবর্তে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে সভাপতি করে এই কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন তাঁরা। এছাড়া বেসামরিক ব্যক্তিদের আটক রাখার স্থান ও সময়ের বিষয়ে স্পষ্টীকরণ এবং ক্যাম্প ও হাজতখানার অবস্থান গেজেটে প্রকাশের দাবি জানানো হয়েছে।
সংসদীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে অতীতে র্যাবের অপব্যবহারের কথা স্বীকার করা হলেও, পুরো বাহিনী বিলুপ্ত না করে এর দক্ষ জনবল ও সরঞ্জামকে কাজে লাগানোর সুপারিশ করা হয়। একই সঙ্গে বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।