উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদে আরও পাঁচটি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। তবে সদ্য গঠিত এসব কমিটির কোনোটিতেই বিরোধী দল থেকে কাউকে সভাপতি করা হয়নি। আজ মঙ্গলবার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি পাঁচটি কমিটি গঠন ও দুটি পুনর্গঠনের প্রস্তাব করলে তা ভোটে পাস হয়।
এদিকে নিজ মন্ত্রণালয়ের বাইরে অন্য মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটিতে প্রতিমন্ত্রী এবং হুইপদের সদস্য করা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিষয়টি নিয়ে ভবিষ্যতে সতর্ক থাকতে তিনি চিফ হুইপকে অনুরোধ জানিয়েছেন। সাধারণত নিজ মন্ত্রণালয়–সম্পর্কিত কমিটির সদস্য হন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
জাতীয় সংসদে মোট ৫০টি স্থায়ী কমিটির মধ্যে ৩৯টি মন্ত্রণালয়–সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি রয়েছে। এখন পর্যন্ত ৪৫টি কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে শুধু সরকারি হিসাব কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দল থেকে। কমিটির সদস্যপদে প্রতিমন্ত্রী ও হুইপদের মতো উচ্চপদস্থ ব্যক্তিদের রাখার বিষয়ে স্পিকার বলেন, এতে কোনো বাধা না থাকলেও সংসদের প্রথা হলো বেসরকারি সদস্যরা সদস্যপদে থাকবেন।
আজ গঠিত পাঁচটি কমিটির মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানকে। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গাজীপুর–৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন, রেলপথ মন্ত্রণালয়ে খুলনা–৫ আসনের মোহাম্মদ আলী আসগার, বিজ্ঞান ও প্রযুক্তিতে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত কমিটিতে গাজীপুর–৩ আসনের এসএম রফিকুল ইসলামকে সভাপতি করা হয়েছে।