উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংসদে আলোচনার পর বিরোধী দলের আনা একটি প্রস্তাব কণ্ঠভোটে গৃহীত হয়েছে। প্রস্তাবটি এনেছিলেন বিরোধী দলের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। সাধারণত বিরোধী দলের প্রস্তাব গৃহীত না হলেও, এবার তা ব্যতিক্রমীভাবে পাস হয়েছে।
সংসদে গৃহীত প্রস্তাবে বেনজীর আহমেদ কীভাবে দুবাইতে জামিন পেলেন এবং তাকে ফিরিয়ে আনতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা ৩০ দিনের মধ্যে প্রতিবেদন আকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তার পাসপোর্ট জালিয়াতি ও অবৈধ সম্পদ জব্দের অগ্রগতির বিষয়েও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আলোচনায় অংশ নিয়ে জানান, পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সরকার কোনো শৈথিল্য দেখাবে না। তিনি বেনজীরকে ‘সিরিয়াল কিলার’ আখ্যা দিয়ে জানান, ইন্টারপোলের রেড নোটিশ কার্যকর রয়েছে এবং তার অবস্থান নিশ্চিত করতে সব কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।
অন্যদিকে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বেনজীরসহ পলাতকদের ফিরিয়ে আনতে একটি বিশেষ সেল গঠনের প্রস্তাব দেন। সরকারের উদ্যোগের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, লবিস্ট ফার্ম নিয়োগ ও আইনি প্রক্রিয়ার বিষয়ে আরও স্বচ্ছতা প্রয়োজন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, বেনজীর সংযুক্ত আরব আমিরাত ছেড়ে সেন্ট লুসিয়ায় গেছেন বলে গণমাধ্যমে খবর এলেও, স্থানীয় কর্তৃপক্ষের কাছে বিষয়টি যাচাই করা হয়েছে। তারা এ ধরনের কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি, যার অর্থ তিনি এখনো সংযুক্ত আরব আমিরাতেই রয়েছেন।