উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্বে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। আগামী এক বছর তিনি এই গুরুত্বপূর্ণ পদে বহাল থাকবেন।
শপথ গ্রহণের পর তিনি ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন। দীর্ঘ চার দশক পর বাংলাদেশের কোনো প্রতিনিধি এই পদে আসীন হলেন, এর আগে ১৯৮৬ সালে হুমায়ুন রশীদ চৌধুরী এই দায়িত্ব পালন করেছিলেন।
উল্লেখ্য যে, চলতি বছরের ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৯৯টি ভোট পেয়ে খলিলুর রহমান নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকুরিস পেয়েছিলেন ৯১টি ভোট। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য সংরক্ষিত এই পদে খলিলুর রহমানের নির্বাচন বাংলাদেশের জন্য এক বড় অর্জন।