উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাকে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার জাতীয় সংসদে তিনি জানান, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর আইনগত ব্যবস্থা নিতে পিছপা হবে না।
সংসদে বিষয়টি উত্থাপন করেন বিএনপির সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী এবং এনসিপির আখতার হোসেন। এর পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী জানান, রোমে বাংলাদেশ দূতাবাস ও মিলানের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। বাঁধন পুলিশের কাছে ও দূতাবাসে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন, যা পরবর্তীতে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, তিনি আজ সকালে পররাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলে ইতালির পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করতে নির্দেশ দিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও বাঁধনের সঙ্গে কথা বলে তাঁকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
ডেপুটি স্পিকার কায়সার কামাল এই ঘটনাকে অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ হিসেবে উল্লেখ করেছেন। তিনি সরকারকে এ বিষয়ে নেওয়া পদক্ষেপের অগ্রগতি আগামী দিনে সংসদে অবহিত করার নির্দেশনা দিয়েছেন।