উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও শ্রমশক্তি স্থানান্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সঙ্গে অস্ট্রেলিয়ার ‘টেফ’ প্রতিষ্ঠানের যৌথ কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বাংলাদেশি কেয়ারগিভারদের দক্ষ করে গড়ে তুলতে অস্ট্রেলিয়ার কারিগরি সহায়তা চেয়েছেন তিনি।
রোহিঙ্গা সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী এই সমস্যার টেকসই সমাধানে দেশটির সহযোগিতা কামনা করেন। জবাবে হাইকমিশনার জানান, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও স্বাস্থ্য খাতে সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ পাশে থাকবে অস্ট্রেলিয়া।