উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তৃণমূল পর্যায়ের নারীদের দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৈঠকে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, যা একটি টেকসই সামাজিক বিনিয়োগ। এছাড়া দক্ষ কেয়ার গিভার তৈরি করে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ হস্তশিল্প রপ্তানির ক্ষেত্রে নরওয়ের সহযোগিতা কামনা করেন তিনি। ডিএনএ ল্যাব আধুনিকায়নেও কারিগরি সহায়তা চেয়েছেন মন্ত্রী।
নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশের নারী শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশেষ করে তৈরি পোশাক শিল্পে নারীদের ভূমিকার কথা উল্লেখ করেন। এছাড়া জলবায়ু ঝুঁকিতে থাকা দক্ষিণাঞ্চলের নারী ও শিশুদের সুরক্ষায় সরকারের উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান তিনি।