উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম বন্দর থেকে তিন কোটি টাকা মূল্যের কাপড়ভর্তি একটি কনটেইনার গায়েব হয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ পাওয়ার পর সোমবার (৭ সেপ্টেম্বর) একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট এমভি এমসিসি ডানাং জাহাজ থেকে সাভারের গোল্ড স্টার গার্মেন্টস লিমিটেডের ৬৬৮ বেল ফেব্রিকস খালাস করা হয়। এরপর সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এসআরএস সিন্ডিকেট সব রাজস্ব পরিশোধ করে ৩০ আগস্ট কনটেইনারটি খালাস করতে গেলে বন্দর কর্তৃপক্ষ তা দিতে ব্যর্থ হয়।
এসআরএস সিন্ডিকেটের মালিক মো: হাফিজুর রহমান জানান, কনটেইনারটি খুঁজে না পাওয়ায় তারা বন্দর চেয়ারম্যানের দ্বারস্থ হন। নির্ধারিত সময়ে পণ্য না পাওয়ায় রফতানি কার্যক্রম নিয়ে চরম বিপাকে পড়েছে সংশ্লিষ্ট পোশাক কারখানাটি।