উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর শারীরিক ও মৌখিক হেনস্তার ঘটনায় জাতীয় সংসদে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
সংসদে জহরত আদিব চৌধুরী জানান, বাঁধন তার সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে পার্কে থাকাকালীন আক্রমণের শিকার হন। জুলাই আন্দোলনের সময় জনগণের পাশে দাঁড়ানোর কারণেই তাকে টার্গেট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করা সম্ভব হয়েছে জানিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই হামলা অত্যন্ত অমার্জনীয় ও ন্যক্কারজনক। অপরাধের নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে এই ঘটনায়। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি সংসদে এলে এ বিষয়ে সরকারের অবস্থান এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।