উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম ইপিজেডের পোশাক কারখানা মডিস্ট সিইপিজেড লিমিটেডের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে কারখানাটির প্রায় ৬৫০ থেকে ৭০০ শ্রমিক-কর্মচারী অংশ নেন বলে জানান আয়োজকেরা। কর্মসূচি শেষে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
স্মারকলিপিতে বলা হয়, কারখানাটিতে প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা কর্মরত রয়েছেন। তাদের মধ্যে স্টাফ পর্যায়ের তিন মাস এবং শ্রমিক পর্যায়ের দুই মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। এর বাইরে অন্যান্য পাওনাও পরিশোধ করা হয়নি বলে অভিযোগ করা হয়। শ্রমিকদের অভিযোগ, গত দেড় বছর ধরে কারখানা কর্তৃপক্ষ নিয়মিত সময়ে বেতন-ভাতা পরিশোধ করছে না।
শ্রমিকদের বেতনের ৮ দশমিক ৩৩ শতাংশ হারে জমা হওয়ার কথা থাকা প্রভিডেন্ট ফান্ডের অর্থও মালিকপক্ষের কাছে রয়েছে। ওই অর্থেরও কোনো সুনির্দিষ্ট হিসাব শ্রমিকেরা পাচ্ছেন না বলে দাবি করা হয়। শ্রমিকেরা বলেন, বেতন-ভাতা নিয়মিত পরিশোধের দাবিতে এর আগেও তারা বেপজার কাছে গেছেন। তবে দীর্ঘদিনেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
প্রধানমন্ত্রীর কাছে দেওয়া স্মারকলিপিতে বিদ্যমান সংকটের টেকসই সমাধানে দ্রুত হস্তক্ষেপের পাশাপাশি বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ শ্রমিকদের পাওনা নিশ্চিত করার দাবি জানানো হয়। স্মারকলিপিতে কারখানাটির আর্থিক পরিস্থিতি তদন্তেরও দাবি জানানো হয়। দ্রুত সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে হুঁশিয়ারি দেন শ্রমিকরা।