উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত ও অপরজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ককটেল সাদৃশ্য বস্তুগুলো বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে ডিফিউজ করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি এসব তথ্য নিশ্চিত করেন।
আহসান উদ্দিন সামি জানান, যাত্রাবাড়ীর ধলপুরের বাদল সরদার গলিতে গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় এই চার আসামিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ ও ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যাত্রাবাড়ী থানার একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও আলামত উদ্ধার করে।
পুলিশ জানায়, কেরানীগঞ্জ থেকে রিয়াজুল ইসলাম রিয়াজ প্রকাশ ওরফে কাইল্লা রিয়াজকে এবং ডেমরা থেকে কামরুল ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়। এর আগে এই ঘটনায় জড়িত ডোবা মিঠু নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। আসামিদের কাছ থেকে উদ্ধার করা আলামত সংরক্ষণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।