উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় আপাতত টানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী পাঁচ দিনের শেষভাগে দেশে বৃষ্টিপাতের প্রবণতা ফের বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আগামীকাল বুধবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে।
আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময়েও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।