উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে আবারও দারুণ নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্টের হয়ে এক ওভারে টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ উস্টারশায়ারের ব্যাটিংয়ে ধাক্কা দেন এই ডানহাতি পেসার। তার দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিনের খেলা শেষে উস্টারশায়ারের সংগ্রহ ২ উইকেটে ৮০ রান।
ক্যান্টারবারিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে কেন্ট। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে হাসান মাহমুদের দল। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ড্যানিয়েল বেল-ড্রামন্ড। হাসানও ব্যাট হাতে অপরাজিত ছিলেন। ৬ বল খেলে ৪ রান করেন তিনি।
উস্টারশায়ারের বোলারদের মধ্যে টম টেলর সর্বোচ্চ ৩ উইকেট নেন।
২৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন উস্টারশায়ারের দুই ওপেনার ড্যানিয়েল লেটগান ও জ্যাক লিব্বি। দ্রুত রান তুলে কেন্টের বোলারদের ওপর চাপ তৈরি করছিলেন তারা। তবে ইনিংসের ষষ্ঠ ওভারে বল হাতে এসে ম্যাচের চিত্র বদলে দেন হাসান মাহমুদ।
পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন এই বাংলাদেশি পেসার। প্রথমে দুর্দান্ত এক ডেলিভারিতে জ্যাক লিব্বির স্টাম্প ভেঙে দেন তিনি। পরের বলেই রেহান এডভালথকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে দ্বিতীয় উইকেটের দেখা পান হাসান।
এরপর দিনের বাকি সময়ে আর কোনো উইকেট নিতে পারেনি কেন্ট। প্রথম দিনের খেলা শেষে ২ উইকেটে ৮০ রান নিয়ে মাঠ ছাড়ে উস্টারশায়ার।