উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আশঙ্কাজনক হারে শিশু নিখোঁজ ও গুমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধার এবং এর পেছনে জড়িত অপরাধী চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। পুলিশের দেওয়া তথ্য উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় মোট ১৫ হাজার ৭১৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও ২ হাজার ৩৮ জন শিশু নিখোঁজ রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ১০ থেকে ১৭ বছর বয়সী শিশুদের নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ২৪৩টি জিডি হয়েছে, যার মধ্যে ১ হাজার ৯৭০ জন এখনও উদ্ধার হয়নি। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক শিশু নিখোঁজ থাকার বিষয়টি জনমনে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার সৃষ্টি করছে। নিখোঁজ শিশুরা কোনো পাচারকারী চক্র বা অপরাধজগতের শিকার হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
মহিলা পরিষদ মনে করে, শিশুরা খেলার মাঠ, স্কুল থেকে ফেরার পথ কিংবা অপরিচিত জায়গায় প্রলোভনের শিকার হয়ে নিখোঁজ হচ্ছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিখোঁজের প্রকৃত কারণ অনুসন্ধান, প্রশাসনের নজরদারি বৃদ্ধি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।