উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদে তড়িঘড়ি করে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।
বিবৃতিতে হেফাজত নেতা বলেন, ইসলামি শরিয়া বিশেষজ্ঞদের মতামত না নিয়ে এই বিল পাস করা হয়েছে। এর মাধ্যমে ইসলামি উত্তরাধিকার আইনের ফারায়েজের বিধান লঙ্ঘনের সুযোগ তৈরি হয়েছে। তিনি দেশের রাষ্ট্রপতিকে এই বিলে স্বাক্ষর না করার আহ্বান জানান।
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, নতুন আইনে জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দানের মাধ্যমে পিতা-মাতার কাছ থেকে সন্তানদের সম্পত্তি হস্তান্তরের যে পদ্ধতি রাখা হয়েছে, তা হেবার মূলনীতির পরিপন্থী। শরিয়তের দৃষ্টিতে প্রকৃত হেবা সম্পন্ন হওয়ার অর্থ হলো সম্পত্তি দাতার মালিকানা থেকে সম্পূর্ণ বের হয়ে গ্রহীতার মালিকানায় চলে যাওয়া।
তিনি আরও বলেন, ইসলামি উত্তরাধিকার আইনের বিষয়ে আলেম-ওলামারা কোনো ছাড় দেবেন না। সংসদে শরিয়াহবিরোধী আইন পাস হওয়ার পরও ধর্মবিষয়ক মন্ত্রণালয় নীরব ভূমিকা পালন করছে। তাই সরকারকে ধর্মীয় বিধি-বিধানে হাত দিয়ে ধর্মপ্রাণ মানুষকে বিক্ষুব্ধ না করার আহ্বান জানান তিনি।