উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে ঢাকা উত্তরের আফতাবনগরে এবং নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর থেকে ঢাকা দক্ষিণের ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার হয়েছেন।
দলটির নীতিনির্ধারণী ফোরামের সদস্য ও মিডিয়া উপ-কমিটির প্রধান সারোয়ার তুষার এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতার বিষয়টি মাথায় রেখেই দলের শীর্ষ দুই নেতার ভোটার এলাকা পরিবর্তন করা হয়েছে।
জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে এই পরিবর্তনের কোনো প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে সারোয়ার তুষার জানান, স্থানীয় সরকার নির্বাচন জোটের সবাই নিজস্ব কৌশলে করবে। আর সেই নিজস্ব কৌশলের অংশ হিসেবেই এই দুজনকে দুই জায়গায় স্থানান্তরিত করা হয়েছে।
সম্প্রতি আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তাঁর ভোটার এলাকা পরিবর্তনের বিষয়টি জানান। তিনি নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেছিলেন এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে কমিশন তা অনুমোদন করেছে।