উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদে আলোচনা চলাকালে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে ১৫০ টাকার দুপুরের খাবারের (লাঞ্চ) দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সংসদে দেশের চলমান জ্বালানি ও গ্যাস সংকট এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ৬৮ বিধির সাধারণ আলোচনার এক পর্যায়ে এই ঘটনা ঘটে।
আলোচনায় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর স্বল্পমূল্যের দুপুরের খাবারের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রীর লাঞ্চের খরচ ১০০ থেকে ১৫০ টাকা দেখে তিনি উৎসাহিত হন। এত কম টাকায় তিনি নিজেও খেতে পারেন না বলে উল্লেখ করেন। এ সময় প্রধানমন্ত্রী ইশারায় তাঁকে দাওয়াত দিলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও তাঁকে খাওয়ানোর কথা বলেন।
জবাবে বিরোধীদলীয় নেতা ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি একা নয়, বরং ১৮ কোটি মানুষকে নিয়ে একসঙ্গে খেতে চান। প্রধানমন্ত্রীর সাদামাঠা জীবনযাপনের প্রশংসা করলেও তাঁর অনুসারীদের আচরণের সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে আইকন মানলে তাঁর অনুসারীদেরও তাঁকে অনুসরণ করা উচিত, যা বাস্তবে দেখা যায় না।