উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে হংকংয়ের বিনিয়োগ বৃদ্ধি এবং উভয় দেশের বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অ্যাগ্রিমেন্ট’ বা বিনিয়োগ সুরক্ষা চুক্তি সইয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চুক্তিটি কার্যকর হলে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষায় একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে।
বর্তমানে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগকারীদের মধ্যে হংকংয়ের অবস্থান ষষ্ঠ। বিশেষ করে এ দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে হংকংয়ের উদ্যোক্তারা বড় অঙ্কের বিনিয়োগ করেছেন। এই চুক্তি স্বাক্ষরিত হলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রস্তাবিত এই চুক্তির মেয়াদ হবে ১০ বছর। তবে চুক্তি স্বাক্ষরের ৩ বছর পর উভয় পক্ষ চাইলে পারস্পরিক সম্মতিতে এটি সংশোধন করতে পারবে। এটি দেশে শিল্পায়ন, কর্মসংস্থান ও প্রযুক্তি স্থানান্তরে ইতিবাচক ভূমিকা রাখবে।