উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ সংসদে তড়িঘড়ি করে পাস করায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। জীবনকালীন ভোগাধিকার রেখে সম্পত্তি হস্তান্তরের নতুন এই বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনা করা জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।
এক বিবৃতিতে মামুনুল হক বলেন, বৃদ্ধ মা-বাবার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন হলেও তা যেন শরিয়তসম্মত হেবা, অসিয়ত ও ফারায়েজের বিধানকে পাশ কাটানোর সুযোগ তৈরি না করে। নতুন আইন যেন কোনো উত্তরাধিকারীকে শরিয়াহ নির্ধারিত অধিকার থেকে বঞ্চিত করার হাতিয়ার না হয়, তা নিশ্চিত করতে হবে।
ইসলামি আইনের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, হানাফি ফিকহে হেবার মৌলিক বিষয় হলো প্রস্তাব, সম্মতি ও হস্তগত করা। গ্রহীতার বাস্তব দখল ও কর্তৃত্বের বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ নতুন আইনে দাতার জীবদ্দশা পর্যন্ত সম্পত্তির ভোগ ও ব্যবহার তার কাছেই রাখার ব্যবস্থা করা হয়েছে, যা শরিয়াহর নিয়মের পরিপন্থী।
আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মামুনুল হক বলেন, এই আইনের পক্ষে কথা বলতে গিয়ে ইসলামি বিধান সম্পর্কে আইনমন্ত্রীর অজ্ঞতা কিংবা অবজ্ঞাই প্রকাশ পেয়েছে। মুসলিম পারিবারিক আইনসংক্রান্ত বিধান প্রণয়নের ক্ষেত্রে হেবা, অসিয়ত ও ফারায়েজের মৌলিক পার্থক্য যথাযথভাবে অনুধাবন করা উচিত ছিল।
অবশেষে মাওলানা মামুনুল হক ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল’-এর ১২২এ ও ১২২বি ধারা অবিলম্বে পুনর্বিবেচনা করার দাবি জানান। একই সঙ্গে আলেম-ওলামা, মুফতি ও শরিয়াহ বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই আইনে প্রয়োজনীয় সংশোধনের আহ্বান জানান তিনি।