উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সদ্য পাস হওয়া ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ নিয়ে গভীর আপত্তি ও উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দল দুটির অভিযোগ, এই বিলে গুমের ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের কোনো ব্যবস্থা রাখা হয়নি, বরং অভিযুক্ত বাহিনীর ওপরই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম ও যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া এক বিবৃতিতে বলেন, অভিযুক্ত বাহিনীর হাতেই তদন্তের ভার দেওয়া ভুক্তভোগীদের সঙ্গে চরম প্রতারণা। অপরাধীদের জবাবদিহির আওতায় না এনে তাদের দিয়েই তদন্ত করানো গুমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অপচেষ্টা মাত্র। তাঁরা অবিলম্বে এই বিলের বিতর্কিত ধারাগুলো সংশোধনের দাবি জানান।
অন্যদিকে, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, গুমের তদন্তে একটি স্বাধীন, নিরপেক্ষ ও বিশেষায়িত ব্যবস্থা গড়ে তুলতে হবে। শুধু সরাসরি জড়িত ব্যক্তিরাই নয়, গুমের নির্দেশদাতা, পরিকল্পনাকারী ও সহযোগীদেরও আইনের আওতায় আনতে হবে।
এবি পার্টির নেতারা জাতীয় মানবাধিকার কমিশনকে সরকারের প্রভাবমুক্ত করার দাবি জানান। পাশাপাশি সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলেন, নতুন আইনের বিধানগুলো যাতে মুসলিম আইন বা শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে জন্য ওলামায়ে কেরামদের মতামতকে প্রাধান্য দেওয়া উচিত।