উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদে দেশের বিদ্যুৎ সংকটের বাস্তব চিত্র তুলে ধরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গ্রামে ১২ থেকে ১৪ ঘণ্টা বিদ্যুৎ না থাকার কঠিন বাস্তবতার মধ্যে মিথ্যা আশ্বাস দিয়ে তীব্র সংকট আড়াল করা জাতির সঙ্গে প্রহসন মাত্র। সোমবার (৭ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ৬৮ বিধির আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিদ্যুৎ খাতের বহুল আলোচিত ক্যাপাসিটি চার্জ এবং কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বৃদ্ধি করে বছরের পর বছর জনগণের টাকা পরিশোধ করা চুরির নামান্তর। বিদ্যুতের মিটার ও ডিমান্ড চার্জ বাতিল করার কথা সংসদে বলা হলেও তা এখনো নিয়মিত আদায় করা হচ্ছে এবং ভূতুড়ে বিলের সমস্যাও বহাল রয়েছে।
সরকারের নীতি ও নৈতিকতার ওপর জোর দিয়ে তিনি বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। ক্ষমতা চিরস্থায়ী নয় মনে করিয়ে দিয়ে তিনি বলেন, অতীতে কেবল দোষারোপ করে সংকটের টেকসই সমাধান সম্ভব নয়, বরং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সমস্যা না লুকিয়ে প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরা উচিত। এই সংকট সমাধানে সরকারি ও বিরোধী দলের টেকনিক্যাল বিশেষজ্ঞদের নিয়ে একটি শক্তিশালী স্পেশাল টাস্কফোর্স বা বিশেষ সেল গঠনের প্রস্তাব দেন তিনি।