উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদে এক সংসদ সদস্যের বক্তব্য চলাকালে কথা বলায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ‘আস্তে কথা’ বলার অনুরোধ জানিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। আজ সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনার সময় এ ঘটনা ঘটে।
সে সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা সংসদে বক্তব্য দিচ্ছিলেন। কিন্তু সংসদ কক্ষে ধর্মমন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। বিষয়টি নজরে এলে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাঁদের উদ্দেশ্যে বলেন, ‘মাননীয় ধর্মমন্ত্রী এবং মাননীয় এলজিআরডি প্রতিমন্ত্রী, দয়া করে বসে কথা বলুন। আপনাদের পেছনে একজন বক্তব্য দিচ্ছেন। আস্তে আস্তে কথা বলুন, প্লিজ।’
তখনো সেলিনা সুলতানা বক্তব্য অব্যাহত রাখলে ডেপুটি স্পিকার তাঁকে থামতে বলেন। এরপর তিনি পুনরায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘মাননীয় ধর্মমন্ত্রী এবং এলজিআরডি প্রতিমন্ত্রী, বসে আস্তেধীরে কথা বলুন। যাতে ওনার কথা শুনতে পারি।’