উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের সম্পদ, ব্যাংক হিসাব ও ব্যবসার রেকর্ড সংক্রান্ত তথ্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এর আগে তাদের সম্পত্তি ও ব্যাংক হিসাবের তথ্য চেয়ে যুক্তরাষ্ট্রে আইনি সহায়তার অনুরোধ পাঠিয়েছিল দুদক।
একই সঙ্গে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলামের বিষয়ে দুদকের আইনি সহায়তার অনুরোধ পুরোপুরি বাস্তবায়নের তথ্য দিয়েছে যুক্তরাজ্যের স্বায়ত্তশাসিত দ্বীপ অঞ্চল আইল অব ম্যান কর্তৃপক্ষ। সোমবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
দুদক জানায়, সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিষয়ে যুক্তরাষ্ট্রে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধের মাধ্যমে ব্যাংক, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড চাওয়া হয়েছিল। দেশটিতে থাকা অপরাধলব্ধ সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করতেও সহায়তা চাওয়া হয়। তবে এফবিআইয়ের পাঠানো প্রতিবেদনে কী তথ্য রয়েছে বা কত সম্পদ চিহ্নিত হয়েছে, তা এখনও প্রকাশ করেনি দুদক।
এর আগে ২০২৬ সালের ১৩ জানুয়ারি ঢাকার একটি আদালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সাত দেশে থাকা ১ হাজার ৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পত্তি জব্দের নির্দেশ দেয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রে থাকা সম্পত্তির ক্রয়মূল্য দেখানো হয়েছিল ৪৩৬ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার ২৪২ টাকা।