উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে একটি রিট করা হয়েছে। রিটটি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের আজ সোমবারের কার্যতালিকার ৬০ নম্বর ক্রমিকে রয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে গত বছরের ১২ মে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। প্রজ্ঞাপনে দলটির প্রকাশনা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, মিছিল, সভা-সমাবেশ কিংবা সম্মেলন আয়োজনসহ সব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।
মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন নামের এক ব্যক্তি এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেন। এতে ২০২৫ সালের ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা নিয়ে রুল চাওয়া হয়েছে। একই সঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় প্রজ্ঞাপনটির কার্যক্রম স্থগিত করার প্রার্থনা জানানো হয়েছে।